সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
সংগৃহীত
সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদক জব্দ করা হয়েছে।
রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দক্ষীদাড়ি শ্মশানঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় বোরকা এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আয়সার মোড় নামক স্থান হতে ১০ পিস ভারতীয় ইয়াবা সহ সাব্বির নামের এক কিশোরকে আটক করা হয়। অন্যদিকে, জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৪২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
অভিযানকালে আটককৃত কিশোর সাব্বির জেলার কলারোয়া উপজেলার পশ্চিমবাকসা গ্রামের মো. মাবুবারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।