ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের খ্যাতিমান স্কলার মুফতি তাকী উসমানি

ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের খ্যাতিমান স্কলার মুফতি তাকী উসমানি

ছবি সংগৃহীত।

মুসলিম বিশ্বের খ্যাতিমান ফকিহ ও ইসলামী চিন্তাবিদ বিচারপতি (অব.) মুফতি মুহাম্মদ তাকী উসমানি এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর (রোববার) তিনি ঢাকায় অবতরণ করবেন এবং বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়ে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাবেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ তার এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের প্রথম দিন ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত '১৫তম সালা দস্তারবন্দী মহাসম্মেলনে' প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতি তাকী উসমানি। ঢাকা সফরকালে তিনি আলেমদের একাধিক প্রতিনিধিত্বশীল সম্মেলন ও সেমিনারেও অংশ নেবেন।

এই সফরে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব ও ঐতিহ্যবাহী খাইরুল মাদারিস মুলতানের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরী।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী অর্থনীতিবিদ ও ফকিহ মুফতি তাকী উসমানি বর্তমানে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও দারুল উলুম করাচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্বসেরা এই আলেম ও ফকিহের আগমন ঘিরে বাংলাদেশের আলেম সমাজ ও ইসলামপ্রিয় জনতার মাঝে বইছে আনন্দের হাওয়া।