শ্রমিক রাসেল হত্যা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হোসিয়ারী শ্রমিক রাসেল (১৭) হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন সাক্ষ্য দিয়েছেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান ও প্রত্যক্ষদর্শী দেওভোগ কাটা কাপড় মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষীদের মতে, রাসেলকে শামীম ওসমানই তার দলবল নিয়ে গুলি করে হত্যা করেছেন। এ মামলার রায়ে নিহত রাসেলের বাবা অভিযুক্তদের সর্বোচ্চ সাজা দাবি করেছেন। সাক্ষ্য গ্রহণের সময় আদালতে মামলার ৭ জন আসামি উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন শামীম ওসমানসহ ২৭ জন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, আদালতে দেওয়া সাক্ষীতে মামলার এজাহারনামীয় আসামিদের রাসেল হত্যায় কোনো সম্পৃক্ত নেই বলেই প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে জেরায় বাদী বলেছেন পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর দিয়েছেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হয় হোসিয়ারী শ্রমিক রাসেল। এরপর ২২ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাসেলের বাবা পিন্টু রহমান।