মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
ছবি: সংগৃহীত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের জিরো পয়েন্ট (পুরাতন জেলখানা মোড়) এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা জেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।
পরে মুক্তিযোদ্ধা জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা।
জেলা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফুলছড়ি উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম এবং সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ না হলে আজ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। যারা মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, তারা বাংলাদেশকেই মনে-প্রাণে ঘৃণা করে। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাঁরা জড়িত ব্যক্তিদের যথাযথ বিচারের দাবি জানান।