দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা
ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তাঁরা দুজনই যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।
অন্যদিকে, দুদকে কর্মরত দুই মহাপরিচালককে পরিকল্পনা কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল ২ নভেম্বর জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। অন্যদিকে, রুবিনা ফেরদৌসী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। দুজনকেই দুদকের মহাপরিচালক পদে পদায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য দুটি প্রজ্ঞাপনে দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে প্রধান হিসেবে এবং মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।