কলারোয়ায় পাটের গুদামে আগুন, পুড়ল ৬৫ লাখ টাকার পাট
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়ায় পাটের একটি গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লাখ টাকার পাট পুড়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয়সংলগ্ন গুদামটিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির।
গুদামটির মালিক স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক মধু। তিনি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়ারা গুদামের দিক থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে মালিক গোলাম ফারুক মধু ঘটনাস্থলে পৌঁছে গুদাম খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। সংবাদপড়ুন
খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গুদামে মজুত সব পাট পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা-ও জানা যায়নি।
গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, গুদামটিতে বিদ্যুৎ সংযোগ নেই। এ কারণে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বা অগ্নিসংযোগ বলে সন্দেহ করছেন তিনি। তাঁর দাবি, গুদামে প্রায় ১ হাজার ৩০০ মণ পাট মজুত ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ টাকা।
তিনি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।