শুরুতে ২ গোলে পিছিয়ে পড়েও রোমাকে হারাল ইউনাইটেড

শুরুতে ২ গোলে পিছিয়ে পড়েও রোমাকে হারাল ইউনাইটেড

সংগৃহীত ছবি

চ‍্যাম্পিয়নস লিগে প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়ে বড় হারের শঙ্কায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাকে ৩-২ গোলে হারিয়েছে মাইকেল ক্যারিকের দল।

জোড়া গোল করে ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক মাতেউস কুনিয়া। দীর্ঘদিনের জয়খরা কাটিয়ে এই জয়ে স্বস্তি ফিরেছে ইউনাইটেড শিবিরে।

ইউরোপ সেরার মঞ্চে চলতি আসরে এটা তাদের দ্বিতীয় জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে প্রথম জয় পেল তারা।

জোড়া গোল করে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানো জয়ের নায়ক মাতেউস কুনিয়া। স্বাগতিকদের প্রথম গোলের উৎস যে পেনাল্টি সেটাও তিনিই আদায় করে নিয়েছিলেন। সেটা থেকেই দ্বিতীয়বার শট নিয়ে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কুনিয়া।

তবে জয় নিয়ে আর ভাবতে হয়নি ইউনাইটেডকে।

ওল্ড ট্র‍্যাফোর্ডে একাদশ মিনিটে ম‍্যাচে নিজেদের প্রথম সুযোগেই এগিয়ে যায় রোমা। বামদিক থেকে চমৎকার ক্রসে ডানদিকে মাতিয়াস সুলেকে খুঁজে নেন রদ্রিগো মোরা। অনেক সময় পাওয়া সুলে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন।

১৭তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন দনিয়েল মালেন।

দুই-তিন পা দৌড়ে বাম দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। ইউনাইটেড গোলরক্ষক ডাইভ দেন উল্টো দিকে।

সুলের শট আইডেন হেভেনের হাতে লাগলে এই পেনাল্টি পায় রোমা।

১৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ হয়ে যেতে পারত। সুলে শট নেওয়ার আগেই কোনোমতে বল কেড়ে নিতে পারেন হেভেন।

৩৯তম মিনিটে আরেকটি সুযোগ পায় রোমা। আর্জেন্টাইন মিডফিল্ডার সুলে কোনো সতীর্থকে খুঁজে নেওয়ার আগে দারুণ স্লাইডে বল কেড়ে দেন লেনি ইউরো।

৪৫তম মিনিটে মালেনের শট ডাইভ দিয়ে কোনোমতে ঠেকান ইউনাইটেড গোলরক্ষক। ফিরতি শটও ব‍্যর্থ করে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একটুর জন‍্য জালের দেখা পাননি সুলে। তার বাঁকানো শট বেরিয়ে যায় দূরের পোস্টে লেগে!

প্রথমার্ধের শেষদিকে একটা শট লক্ষ‍্যে রাখতে পারে ইউনাইটেড। সেটা অনায়াসেই ফেরান রোমা গোলরক্ষক। তখন বোঝার কোনো উপায় ছিল না, দ্বিতীয়ার্ধে কতটা কঠিন পরীক্ষায় পড়তে হবে তাকে।

৫৫তম মিনিটে কুইয়াকে ডি বক্সে রোমার জানলুকা মানচিনি ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড।

৫৭তম মিনিটে ফার্নান্দেসের স্পট কিক ঠেকিয়ে দেন রোমা গোলরক্ষক। কিন্তু শট নেওয়ার আগেই ব্রায়ান ক্রিস্তান্তে ডি বক্সে ঢুকে পড়ায় ফের শট নেওয়ার সুযোগ পান ইউনাইটেড অধিনায়ক। এবার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

৬০তম মিনিটে এমবুমোর শট কাছের পোস্টের ভেতরের দিকে লেগে, দূরের পোস্ট ছুঁয়ে ফিরে আসে! দ্রুত আলগা বল ক্লিয়ার করেন রোমার একজন ডিফেন্ডার।

৬৭তম মিনিটে গোললাইন থেকে শট ঠেকিয়ে ব‍্যবধান ধরে রাখেন রোমা অধিনায়ক ক্রিস্তান্তে।

৮৩তম মিনিটে লিওনার্দো বালের্দির অবিশ্বাস‍্য ভুলে সুযোগ পেয়ে যান কুইয়া। ফের্নান্দেসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলে পা ছোঁয়াতে পারেনি বালের্দি। খুব কাছ থেকে বাকিটা সারেন কুইয়া।

তিন মিনিট পর দুরূহ কোণ থেকে গতিময় শটে ফের জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩-২ ব‍্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। ওল্ড ট্র‍্যাফোর্ড যেন ফেটে পড়ে উল্লাসে। জার্সি খুলে তাদের সঙ্গে উদযাপনে মাতেন কুনিয়া। তাতে দেখেন হলুদ কার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। বাকি সময় ইউনাইটেড খেলে ১০ জন নিয়ে।

২৫ বছর পর ইংল্যান্ডের মাটিতে কোনো ইংলিশ ক্লাবকে হারানোর স্বপ্ন দেখছিল রোমা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেডই। এই জয়ে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল ক্যারিকের দল। চার ম্যাচে দুই জয় ও ছয় পয়েন্ট নিয়ে তালিকার ১৭ নম্বরে আছে ইউনাইটেড। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রোমা।