রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দুইদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ-সমাবেশকে প্রতিহত করতে শহরে সব ধরনের জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাওয়ালপিন্ডিতে মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী।
এক ভিডিও বার্তায় পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার বলেছেন, দুপুর ২টায় একটি বৃহৎ কিন্তু শান্তিপূর্ণ রাজনৈতিক জনসভা করবে তার দল। তিনি সমর্থকদের সময় মতো নির্ধারিত স্থানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। কারণ গত সপ্তাহে লাহোরে অনুষ্ঠিত দলীয় সমাবেশটি অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় চলার কারণে বন্ধ করে দিয়েছিল পুলিশ।
প্রাথমিকভাবে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করার পরিকল্পনা করেছিল পিটিআই। কিন্তু শুক্রবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ঘোষণা অনুযায়ী লিয়াকত বাগকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত পারিবর্তনের কারণ হিসেবে ইমরান খান বলেছেন, সরকার তার দলকে শহরে অনুষ্ঠান করতে দেবে না। তাই তরা শহরতলিতে একটি স্থান নির্ধারণ করেছে।
কিন্তু লিয়াকতবাগকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে নিরাপত্তা কর্মীরা। অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আশপাশের ফৈজাবাদ, শামসবাদ, চাঁদনি চক, রেহমানাবাদ এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, মেট্রো পরিসেবাও স্থগিত করা হয়েছে। রাওয়ালপিন্ডি যাওয়ার সব রাস্তায় যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।
যদিও পিটিআই নেতারা ‘সব বাধা সত্ত্বেও’ সমাবেশের স্থানে পৌঁছানোর প্রতিজ্ঞা করেছেন। কিন্তু এটি সহজ কাজ হবে না।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, কোনও যানবাহন শহরে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কারণ রাস্তাগুলো কন্টেইনার এবং কাঁটাতারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে।
ওউ পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, শহরের শান্তি নিশ্চিত করতে অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুধু রাওয়ালপিন্ডি নয় আশেপাশের জেলাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর এর মাধ্যমে এসব এলাকায় সব ধরনের সমাবেশ, অবস্থান ধর্মঘট, মিছিল, বিক্ষোভ, জনসভা, প্রতিবাদ এবং অস্ত্র বহন বা প্রদর্শনের মতো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
পিটিআই-এর বিক্ষোভের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা করতে পারে আশঙ্কায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। সূত্র: ডন নিউজ