রাজবাড়ী ইয়োগা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান
সংগৃহীত
১০ম জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জন করায় রাজবাড়ী জেলা ইয়োগা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তারিফ উল হাসান, সহকারী কমিশনার এসএম রায়হানুল ইসলাম, রাজবাড়ী ইয়োগা একাডেমির সভাপতি ইমানুল করিম জকি এবং জেলা ইয়োগা কমিটির সাধারণ সম্পাদক ও পরিচালক মো: শফিউদ্দিন মাহমুদ শেখ।
জেলা ইয়োগা কমিটির পরিচালক জানান, গত ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ২৩টি জেলার প্রতিযোগীরা অংশ নেন। এতে রাজবাড়ী জেলা ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে চ্যাম্পিয়নশিপ লাভ করে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ইয়োগাসনা একটি কঠিন ক্রীড়া প্রতিযোগিতা।
এরপরও দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে রাজবাড়ীর ছেলেমেয়েরা গৌরব অর্জন করেছে। এ সাফল্যের জন্য তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান।
তিনি বলেন, শুধু রাজবাড়ী সদর নয়, আগামীতে জেলার অন্য পাঁচটি উপজেলাতেও ইয়োগা প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি খেলোয়াড়দের আরও পরিশ্রম ও সততার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে খুদে প্রতিযোগীরা ইয়োগা প্রদর্শন করে।