আদালত অবমাননাঃ ব্যাখ্যা দিতে সময় চেয়ে আবেদন ব্যারিস্টার ফুয়াদের

আদালত অবমাননাঃ ব্যাখ্যা দিতে সময় চেয়ে আবেদন ব্যারিস্টার ফুয়াদের

ছবি সংগৃহীত।

ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (৪ নভেম্বর) তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়েছে।

আবেদনে অসুস্থতার কারণ উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এক মাস সময় প্রার্থনা করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল স্বতপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন। তাকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের সূত্রপাত গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে।’ তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর আদালত অবমাননার অভিযোগে স্বতপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নেন ট্রাইব্যুনাল।