জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমানবাহিনীর ১১১ সদস্য
ছবি সংগৃহীত।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বাংলাদেশ বিমানবাহিনীর ১১১ সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তারা ঢাকা ত্যাগ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপনের অংশ হিসেবে এ দল পাঠানো হচ্ছে। বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টের সদস্যদের পর্যায়ক্রমে নতুন সদস্যদের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।
নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। কঙ্গোতে চলমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশটির সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন।
নতুন সদস্যরা সেই সুনাম ও সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন- এ প্রত্যাশায় বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।
গত ১ নভেম্বর বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্টের সদস্যদের ব্রিফিং দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।