হবিগঞ্জে শিক্ষার্থীদের পাঠদানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীদের পাঠদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে প্রায় তিন ঘণ্টা সময় কাটান তিনি। এ সময় শিশুদের সঙ্গে হাসি-আনন্দে পাঠদানে অংশ নেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল অ্যাগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী পরে উপজেলার জগদীশপুর চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পরিদর্শনে যান। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমানসহ অনেকে।