ফুলছড়ি সাব-রেজিস্ট্রার অফিসের অচলাবস্থার অবসান, নতুন কার্যালয়ে গেল নথিপত্র
ছবি: সংগৃহীত
অবশেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সব নথিপত্র গজারিয়া থেকে কালিরবাজারে নবনির্মিত ভবনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরোনো অফিস থেকে এসব নথিপত্র নতুন কার্যালয়ে নেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো। এখন থেকে কালিরবাজারের নতুন ভবনেই জমি নিবন্ধন, দলিলের নকল সরবরাহসহ সাব-রেজিস্ট্রার অফিসের সব ধরনের সেবা পাওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসটির কার্যক্রম কালিরবাজারের নবনির্মিত ভবনে স্থানান্তর করা হলেও প্রয়োজনীয় নথিপত্র ছিল গজারিয়া এলাকার পুরোনো অফিসে। ফলে পুরোনো দলিলের নকল সরবরাহসহ বেশ কিছু সেবা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে প্রয়োজনীয় দলিলের নকল সংগ্রহ করতে না পেরে অনেকে জমি কেনাবেচাসহ বিভিন্ন কাজে সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নথিপত্র দ্রুত নতুন ভবনে স্থানান্তরের দাবিতে এলাকাবাসী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নথিপত্র পুরোনো অফিসে পড়ে থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আনা হয়েছিল। অবশেষে নথিপত্র স্থানান্তর হওয়ায় মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, নথিপত্র স্থানান্তরের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করেছে। শান্তিপূর্ণভাবে নথিপত্র নতুন ভবনে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করে সাব-রেজিস্ট্রার অফিসের নথিপত্র কালিরবাজারের নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে এখানে জমি নিবন্ধন, দলিলের নকলসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।