নাট্যচর্চায় নতুনদের প্রশিক্ষণ দেবেন আশীষ খন্দকার

নাট্যচর্চায় নতুনদের প্রশিক্ষণ দেবেন আশীষ খন্দকার

ফাইল ছবি

নাট্যচর্চায় আগ্রহী নতুন প্রজন্মকে অভিনয়ের প্রশিক্ষণ দিতে মুন্সীগঞ্জে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার। তার প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র’ আয়োজন করেছে এ কর্মশালার।

কর্মশালায় নাট্যকলার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কাজ করবেন আশীষ খন্দকার। অভিনয়ের প্রস্তুতি, শিল্পীর প্রকাশভঙ্গি এবং নাট্যচর্চার নানা বিষয়ে তার অভিজ্ঞতা ও নির্দেশনা জানার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

এ আয়োজন প্রসঙ্গে আশীষ খন্দকারের প্রস্তাবিত বক্তব্য, ‘নাটক এমন একটি শিল্পমাধ্যম, যেখানে অভিনয়ের পাশাপাশি মানুষের জীবন, সমাজ ও চারপাশের বাস্তবতাকে বোঝার সুযোগ তৈরি হয়। নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন অভিনয়শিল্পী নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন। মুন্সীগঞ্জে স্থানীয় নাট্যপ্রেমী ও নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, এই কর্মশালা অংশগ্রহণকারীদের নাট্যচর্চায় নতুন অভিজ্ঞতা যোগ করবে।’

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মশালার প্রথম দিনের কার্যক্রম চলবে। দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।

আশীষ খন্দকার দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের মধ্য দিয়ে তার কাজ রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছে। তার মতো অভিজ্ঞ একজন নাট্যজনের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার সুযোগকে ঘিরে স্থানীয় নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে নাট্যচর্চায় আগ্রহী সবাইকে কর্মশালায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণ ও রেজিস্ট্রেশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৯২০৮০৯২৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরটিতে ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে।