জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
এর আগে, গত ১৪ অক্টোবর জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
এ ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজি অটোরিকশাচালক আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।