৩ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার, বছর না যেতেই ভাঙছে পাড়
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার করা হলেও বছর না যেতেই ভাঙতে শুরু করেছে খালের পাড়। খননের পর পাড়ে স্তূপ করে রাখা মাটি বৃষ্টির পানিতে ধসে খালে পড়ছে। একই সঙ্গে ভাঙনের শিকার হচ্ছে খালের পাশের কৃষকদের ফসলি জমি। এতে খাল সংস্কারকাজের স্থায়িত্ব ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মোকামখোলা থেকে সাতুল্লা ব্রিজ পর্যন্ত খাল সংস্কারের পরিকল্পনা থাকলেও কাজ শুরু করা হয়েছে রঙমেহর এলাকা থেকে। খননের পর খালের পাড়ে জমে থাকা মাটি সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বরং একটি চক্র ওই মাটির কিছু অংশ অবৈধভাবে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে পাড়ের মাটি ধসে ভেতরে পড়ছে। কোথাও কোথাও খালের পাশের কৃষিজমির অংশবিশেষ ভেঙে পানিতে বিলীন হচ্ছে। এতে কৃষকদের জমির ক্ষতির পাশাপাশি খনন করা খাল আবারও ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, খাল সংস্কারের মূল উদ্দেশ্য ছিল পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, কৃষিকাজে সেচসুবিধা বাড়ানো এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো। কিন্তু খননের পর পাড়ের মাটি যথাযথভাবে অপসারণ ও সংরক্ষণ না করায় সেই মাটিই আবার খালে গিয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই খালটি আগের অবস্থায় ফিরে যেতে পারে।
তারা বলেন, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা খালের পাড় যদি এক বছরের মধ্যেই ভেঙে পড়ে, তাহলে এ প্রকল্পের সুফল কতটা পাওয়া গেল? সরকারি অর্থ ব্যয়ের পরও যদি খালটি আবার আগের অবস্থায় ফিরে যায়, তাহলে এই বিপুল অর্থ ব্যয়ের কার্যকারিতা কোথায়?
স্থানীয়দের দাবি, প্রকল্পের নকশা, কার্যাদেশ, খননের পরিমাপ, মাটি অপসারণের শর্ত এবং কাজের গুণগত মান যথাযথভাবে যাচাই করতে হবে। একই সঙ্গে খালের পাড় ভেঙে কৃষিজমির ক্ষতির বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মহিফুল ইসলাম বলেন, তিনি এ কাজের সময় দায়িত্বে ছিলেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে খালের পাড়ের মাটি সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন তিনি।