শীতের যে ৬ সবজি পরিষ্কারে রাখতে হবে বাড়তি সতর্কতা

শীতের যে ৬ সবজি পরিষ্কারে রাখতে হবে বাড়তি সতর্কতা

ফাইল ছবি

শীতের বাজারে নানা ধরনের তাজা শাকসবজির সমাহার থাকে। পালং শাক, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে লেটুস—এসব সবজি এ সময় অনেকের খাবারের তালিকায় নিয়মিত থাকে।

তবে দেখতে সতেজ ও পরিষ্কার মনে হলেও সবজির পাতার ভাঁজে, ভেতরের অংশে কিংবা ফুলের ফাঁকে জমে থাকতে পারে মাটি, বালি ও অন্যান্য ময়লা। ঠিকমতো পরিষ্কার না করে খেলে এসবের সঙ্গে ক্ষতিকর জীবাণুও শরীরে প্রবেশ করতে পারে। তাই শীতের কিছু সবজি ধোয়ার সময় প্রয়োজন বাড়তি সতর্কতা।

নিউজ১৮-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, অপরিষ্কার সবজির মাধ্যমে ব্যাকটেরিয়া বা পরজীবীর ডিম শরীরে প্রবেশের ঝুঁকি থাকতে পারে।

তাই রান্নার আগে এসব সবজি ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

১. পালং শাক

পালং শাক আয়রন, ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন কে-এর উৎস। তবে মাটির কাছাকাছি জন্মানোর কারণে এর পাতায় মাটি, বালি ও অন্যান্য ময়লা লেগে থাকতে পারে। ঠিকমতো পরিষ্কার না করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পরজীবীর ডিমও থেকে যেতে পারে।

তাই রান্নার আগে প্রতিটি পাতা আলাদা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাঁচা খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

২. ক্যাপসিকাম

ক্যাপসিকামের বাইরের অংশ পরিষ্কার দেখালেও ভেতরে, বিশেষ করে বীজের আশপাশে ময়লা জমে থাকতে পারে। তাই রান্নার আগে ক্যাপসিকাম মাঝখান থেকে কেটে বীজ সরিয়ে ভেতরের অংশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। সালাদে কাঁচা খাওয়ার পরিকল্পনা থাকলেও পরিষ্কারের ক্ষেত্রে একই সতর্কতা জরুরি।

৩. বাঁধাকপি

বাঁধাকপির পাতাগুলো ঘনভাবে একটির সঙ্গে আরেকটি জড়িয়ে থাকে। ফলে পাতার ফাঁকে মাটি, ময়লা ও জীবাণু আটকে থাকতে পারে। পরিষ্কারের জন্য প্রথমে বাইরের পাতাগুলো ফেলে দিতে হবে। এরপর ভেতরের পাতাগুলো আলাদা করে প্রতিটি পাতা ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্নার সময়ও যথেষ্ট তাপ দিয়ে সিদ্ধ বা রান্না করা ভালো।

৪. বেগুন

বেগুন কাটার সময় ভেতরের অংশ ভালোভাবে পরীক্ষা করা জরুরি। কখনো কখনো এর মধ্যে পোকা থাকতে পারে। এমন কিছু চোখে পড়লে আক্রান্ত অংশ ব্যবহার করা উচিত নয়। বেশি আক্রান্ত হলে পুরো বেগুনটি ফেলে দিতে হবে। রান্নার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়াও প্রয়োজন।

৫. লেটুস পাতা

লেটুস সাধারণত সালাদে কাঁচা খাওয়া হয়। তাই এটি পরিষ্কারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। পাতার ভাঁজে মাটি ও অন্যান্য ময়লা লেগে থাকতে পারে। প্রথমে বাইরের নষ্ট বা ক্ষতিগ্রস্ত পাতাগুলো সরিয়ে ফেলুন। এরপর প্রতিটি পাতা আলাদা করে পরিষ্কার প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নিন।

৬. ফুলকপি

ফুলকপির ফুলের মতো অংশের ভেতরে ছোট পোকা ও ময়লা লুকিয়ে থাকতে পারে। বাইরে থেকে পরিষ্কার দেখালেও ভেতরের অংশে এসব থেকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রান্নার আগে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পর্যাপ্ত সময় ধরে রান্না করে খাওয়া ভালো।

যেভাবে পরিষ্কার করবেন শাকসবজি

পাতাজাতীয় সবজি ধোয়ার আগে পাতাগুলো আলাদা করে নেওয়া ভালো। একটি বড় পাত্রে পানি নিয়ে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। কিছুক্ষণ রাখলে বালি ও মাটি নিচে জমতে পারে। এরপর পাতাগুলো তুলে পরিষ্কার প্রবাহমান পানিতে আবার ধুয়ে নিতে হবে। সবজি কাটার আগেই ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লবণ-পানি বা ভিনেগার কি কাজে আসে?

কিছু পরামর্শে হালকা গরম পানিতে এক-দুই চামচ লবণ অথবা সামান্য ভিনেগার মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট সবজি ভিজিয়ে রাখার কথা বলা হয়েছে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বাঁধাকপি ও ফুলকপির মতো সবজি কেটে অল্প সময় সেদ্ধ বা ভাপ দেওয়ার কথাও বলা হয়েছে। তবে লবণ-পানি বা ভিনেগার ব্যবহার করলেই সব জীবাণু ও পরজীবী দূর হবে, এমন নিশ্চয়তা নেই। তাই সবজি পরিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিরাপদ প্রবাহমান পানিতে ভালোভাবে ধোয়া এবং প্রয়োজন অনুযায়ী যথেষ্ট রান্না করা।