গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য- বিদ্যুৎমন্ত্রী
ছবিঃ সংগৃহীত।
আগামী বছরের গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহীতে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে। এ অবস্থায় শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসতে হবে। এ জন্য বাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখাও সহজ হবে।
সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্যসহ রাজশাহী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।