সুন্দরবনে দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ, পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ

সুন্দরবনে দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ, পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ

ছবি: সংগৃহীত

সুন্দরবনের ফুলতলা খালে জাহাঙ্গীর বাহিনী ও মিন্টু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক জেলে। এ সময় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত পাঁচ জেলের মধ্যে দুজন পালিয়ে লোকালয়ে ফিরতে সক্ষম হয়েছেন। বাকি তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খালে এ ঘটনা ঘটে।

ফিরে আসা জেলে মোস্তফা মোড়ল জানান, বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাঁকেসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। তাঁর সঙ্গে থাকা ওসমান মোড়লও লোকালয়ে ফিরে এসেছেন।

তবে অপহৃত অপর তিন জেলে কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের সবার বাড়ি কয়রা উপজেলার ভাগবা গ্রামে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চালানো হবে।