ঘরেই তৈরি করুন খাসির পায়া, সঙ্গে থাকুক চালের রুটি

ঘরেই তৈরি করুন খাসির পায়া, সঙ্গে থাকুক চালের রুটি

ছবিঃ সংগৃহীত।

ছুটির দিনের খাবার মানেই ভিন্ন কিছু। ​সপ্তাহের বাকি দিনগুলোতে যা কিছুই খাওয়া হোক না কেনো, ছুটির দিনগুলোতে আমাদের সবারই একটু আলাদা কিছু খাওয়ার ইচ্ছা জাগে। খাসির পায়া বা নেহারি রান্না করার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ হলেও এর স্বাদ এবং পুষ্টিগুণ কিন্তু অনেক।

এছাড়াও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় সকালের নাশতা বা রাতের খাবারে ধোঁয়া ওঠা নরম চালের রুটির সঙ্গে সুস্বাদু খাশির পায়ার ঝোল মানেই অন্যরকম স্বাদ। বিশেষ করে ছুটির দিনে কিংবা শীতের আমেজে গরম গরম চালের রুটির সঙ্গে খাসির পায়ার ভুনা বা ঝোল-স্বাদ আর তৃপ্তি দুটাই নিয়ে আসে।

আসুন জেনে নেয়া যাক ​খাসির পায়া রান্না করবে যেভাবে-

​উপকরণ

  • ​খাসির পায়া ৮টি (ভালোভাবে পরিষ্কার ও ধুয়ে নেওয়া)

  • ​পেঁয়াজ কুচি ১ কাপ

  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

  • রসুন বাটা ১ চা চামচ

  • তেজপাতা ২টি

  • দারুচিনি ১ টি

  • এলাচ ও লবঙ্গ ২টি করে

  • হলুদ গুঁড়া ১ চা চামচ

  • মরিচ গুঁড়া ১ চা চামচ

  • ধনে গুঁড়া ২/১ চা চামচ

  • জিরা গুঁড়া সামান্য

  • গরম মসলা গুঁড়া সামান্য

  • তেল বা ঘি পরিমাণমতো

  • লবণ স্বাদমতো

  • পানি পরিমাণমতো​

প্রস্তুত প্রণালি

প্রথমে প্রেশার কুকারে বা কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন। এবার এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সব গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে দিলে পরিষ্কার করা খাসির পায়াগুলো দিয়ে দিন। মসলার সঙ্গে পায়াগুলো ভালোভাবে কষিয়ে পরিমাণমতো পানি ও লবণ দিন। প্রেশার কুকারে রান্না করলে মাঝারি আঁচে ৫-৬টি সিটি দিয়ে নরম করে নিন। সাধারণ কড়াইতে রান্না করলে ঢাকনা দিয়ে অল্প আঁচে দীর্ঘক্ষণ রান্না করতে হবে, যাতে হাড়ের ভেতরের মজ্জা গলে ঝোলটি ঘন ও আঠালো হয়। নামানোর আগে গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

​নরম চালের রুটি প্রস্তুত প্রণালি

খাসির পায়ার সঙ্গে খাওয়ার জন্য চালের রুটি নরম হলে ভালো হয়। সমপরিমাণ চালের গুঁড়া এবং পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ ও এক ফোঁটা তেল দিয়ে একটি ডো বা খামির তৈরি করুন। খামিরটি হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিয়ে পাতলা করে রুটি বেলে নিন। এবার ফ্রাইপ্যানে হালকা সেঁকে নিলেই ফুলে উঠবে ধোঁয়া ওঠা নরম চালের রুটি।

ছুটির সকালে কিংবা বিশেষ কোনো আয়োজনে পরিবারের সবাইকে নিয়ে গরম গরম চালের রুটি আর খাসির পায়ার এই সুস্বাদু পদটি উপভোগ করতে পারেন।