নাঙ্গলকোটে গৃহবধূর মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে সায়েমা আক্তার (১৭) নামক এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সায়েমা একই উপজেলার আনজিয়াপাড়া গ্রামের রিকশাচালক মোহাম্মদ শামীমের মেয়ে। ছয় মাস আগে পারিবারিকভাবে চক্রলোদী গ্রামের কাঠমিস্ত্রি জাহিদ হোসেনের (২৫) সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই জাহিদ ও তার পরিবার বিভিন্ন উপহারসামগ্রীর নামে দাবি জানিয়ে আসছিল। দরিদ্র বাবার পক্ষে এসব দাবি পূরণ করতে না পারায় সায়েমার ওপর নির্যাতন চালানো হতো। এছাড়া জাহিদের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এসব ঘটনার জেরে বুধবার রাতে সায়েমাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তার স্বজনেরা।

তবে জাহিদের মা সেনোয়ারা বেগমের দাবি, সকালে দরজা না খোলায় পরিবারের সদস্যরা খবর দেন। পরে দরজা খুলে সায়েমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ছেলে জাহিদ বাড়িতে ছিলেন না।

নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।এ সময় বাড়িতে স্বামীর পরিবারের কোনো পুরুষ সদস্য ছিলেন না বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।