কাল সাত ব্যান্ডের কনসার্ট, থাকছেন জেমসও

কাল সাত ব্যান্ডের কনসার্ট, থাকছেন জেমসও

ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বসছে দেশের জনপ্রিয় সাত ব্যান্ডের জমজমাট সংগীত আয়োজন। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামের এই আয়োজনে একই মঞ্চে গান শোনাবেন রকস্টার জেমসসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর শিল্পীরা।

আগামী শনিবার (৭ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। সবচেয়ে বড় বিষয়, দর্শকদের জন্য উন্মুক্ত এই আয়োজন উপভোগ করতে কোনো টিকিট কাটতে হবে না

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে নগরবাউল জেমসের পাশাপাশি গান পরিবেশন করবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর প্রবেশপথ খুলে দেওয়া হবে।

আর মূল আয়োজন শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই সংগীত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।

কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন জেমস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।

এদিকে কনসার্টের খবর প্রকাশ করে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজও। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।

উল্লেখ্য, গত দুই বছরে দেশে উন্মুক্ত স্থানে বড় পরিসরের কনসার্ট আয়োজন তুলনামূলকভাবে কমেছে। নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে বাতিল হয়েছে বেশ কিছু সংগীতানুষ্ঠানও। এমন পরিস্থিতিতে দেশের সাত জনপ্রিয় ব্যান্ডকে একই মঞ্চে পাওয়ার সুযোগ সংগীতপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। জেমসের জনপ্রিয় গান থেকে শুরু করে ওয়ারফেজ, মাইলস কিংবা আর্টসেলের পরিবেশনা—সব মিলিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ এক সন্ধ্যা।