জাতীয় দলের নির্বাচক হতে চান রুমানা

জাতীয় দলের নির্বাচক হতে চান রুমানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল এখন ব্যস্ত সময় পার করছে ঘরোয়া লিগ এনসিএলে। নতুন প্রধান কোচ ডেভিড হেম্প কক্সবাজার ভেন্যুতে বসেই দেখছেন সব ম্যাচ। তবে এই টুর্নামেন্টে নেই সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ।

খেলাধুলা থেকে দূরে থাকলেও এবার নতুন ইচ্ছার কথা জানালেন তিনি। জাতীয় দলের নির্বাচক হতে চান রুমানা। 

বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের পক্ষ থেকে তাকে কোচিং প্যানেলে যুক্ত করার আগ্রহ দেখানো হলেও, তিনি মাঠের পরিকল্পনা সাজানোর চেয়ে দল গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

ঢাকা পোস্টের সঙ্গে আলাপে রুমানা বলেন, 'বিসিবি থেকে কোচিংয়ের কথা বলা হয়েছিল। তবে আমি কোচিংয়ে এখনই যেতে চাই না। আরও সময় নিতে চাই, কারণ অনেক দিন খেলাধুলার বাইরে। কোচিং লেভেলও করা হয়নি। যে কারণে নির্বাচক হতে চাই। বর্তমান যে নির্বাচক প্যানেল রয়েছে তাদের থেকে ভালো করব আশা করি।'