পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
সংগৃহীত
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হাবিব (৫৫) নামের এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়।
শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, ড্রেজার বসিয়ে টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় অভিযুক্ত মো. হাবিব নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এই কাজে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।