জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী
সংগৃহীত
১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পাঁচ শিক্ষার্থী। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দিনাজপুর অঞ্চলে তারা এ সাফল্য অর্জন করেন।
শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী দেশের আটটি অঞ্চলে একযোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখেন বেরোবির শিক্ষার্থীরা।
সেরা দশে স্থান পাওয়া বেরোবির শিক্ষার্থীরা হলেন- তৃতীয় স্থান অর্জন করেছেন মো. আসিফ হাসান, চতুর্থ ফয়সাল আহমেদ, পঞ্চম মোছা. জুয়াইরিয়া, সপ্তম শাহজালাল নুহাশ এবং দশম হয়েছেন সানজিদা হোসাইন নেলী। তারা সবাই বেরোবি গণিত বিভাগের শিক্ষার্থী। সেরা ১০ জনের মধ্যে স্থান পাওয়া বেরোবির পাঁচ শিক্ষার্থী আগামী ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।
এদিকে শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সেরা ১০-এর মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
উপাচার্য আরও বলেন, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবেন বলে তিনি আশাবাদী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও মেধার বিকাশে সব সময় উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে।