কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন আজিজুল হক
সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।
শুক্রবার (৬ নভেম্বর) জেলা শহরের নগুয়া আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
জানা গেছে, ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমিরের শপথ উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।
সমাবেশে সদ্য বিদায়ী জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ জেলা মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর কিশোরগঞ্জে অনুষ্ঠিত রুকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হককে নবনির্বাচিত জেলা আমির হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে তিনি জেলা জামায়াতের সর্বশেষ কমিটিতে নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি জেলা শহরের ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত।