অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি করল লিভারপুল
ফাইল ছবি
লিভারপুল নারী দলের অধিনায়ক গ্রেস ফিস্কের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। নতুন চুক্তির মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানায়নি লিভারপুল। ২০২৩ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে যোগ দেওয়ার পর থেকেই অ্যানফিল্ডে আছেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার।
চুক্তি নবায়নের পর লিভারপুলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ফিস্ক বলেছেন, ক্লাবে থাকার সিদ্ধান্ত নিতে তার কোনো দ্বিধা ছিল না। লিভারপুলে নিজেকে ঘরের মানুষের মতো মনে হয় বলেও জানিয়েছেন তিনি।
‘প্রতিদিনই এখানে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। মেলউড অসাধারণ জায়গা, এখানে অনেক বিশেষ মানুষ আছেন। শহরটাও আমার খুব আপন মনে হয়। চুক্তির আলোচনা শুরু হলে আমার কাছে একটাই বিষয় পরিষ্কার ছিল—আমি লিভারপুলেই থাকতে চাই,’ বলেছেন ফিস্ক।
ওয়েস্ট হ্যাম থেকে ২০২৩ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন ফিস্ক। গোল করেছেন পাঁচটি। ২০২৫ সালে দলের অধিনায়কত্ব পান তিনি।
লিভারপুলে নিজের ভূমিকা নিয়ে ফিস্ক বলেন, অধিনায়কত্ব তার খেলায় আরও দায়িত্ব ও প্রত্যাশা যোগ করেছে। তবে সতীর্থদের সহযোগিতায় সেই দায়িত্ব সামলানো সহজ হচ্ছে। দলের সঙ্গে সম্পর্ক ও একসঙ্গে কাজ করার পরিবেশও তাকে ক্লাবে থাকতে উৎসাহিত করেছে।