মুন্সীগঞ্জে আসামি ধরতে গিয়ে ভাইকে আটক, ৯ ঘণ্টা পর মুক্তি

মুন্সীগঞ্জে আসামি ধরতে গিয়ে ভাইকে আটক, ৯ ঘণ্টা পর মুক্তি

প্রতিকি ছবি

 

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে তার ছোট ভাইকে আটক করে থানায় নেওয়ার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিরুদ্ধে। প্রায় ৯ ঘণ্টা থানায় আটকে রাখার পর জাতীয় পরিচয়পত্র যাচাই করে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আটক আবু বকর শিকদার উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মৃত কাদির শিকদারের ছেলে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সিরাজদিখান থানার সহকারী উপ-পরিদর্শক নির্মল চন্দ্র দাস ও উপ-পরিদর্শক সেলিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম শিকদারকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইব্রাহিমকে না পেয়ে তার ছোট ভাই আবু বকর শিকদারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে দীর্ঘ সময় হাজতে রাখা হয়। পরদিন জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে এএসআই নির্মল চন্দ্র দাস বলেন, ইব্রাহিম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করতে ওই বাড়িতে গেলে তাকে আটক করা হয়। তবে আটকের সময় তিনি নিজের নাম-পরিচয় জানাননি। পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাকে ৯ ঘণ্টা নয়, এর আগেই ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ভুক্তভোগী আবু বকর শিকদার বলেন, তিনি পুলিশ সদস্যদের বারবার নিজের পরিচয় জানিয়েছেন। কিন্তু তার কোনো কথা না শুনেই তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রায় ৯ ঘণ্টা আটকে রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ওয়ারেন্টভুক্ত আসামির পরিবর্তে তার ভাইকে আটকের কারণ, দীর্ঘসময় হাজতে রাখার যৌক্তিকতা এবং মুচলেকা নেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।