আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব

আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব

সংগৃহীত

বান্দরবান জেলা সদরের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার আম্রকানন গৌতম বিহারে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

শনিবার ভোরে আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে এবং বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির সহযোগিতায় এই দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সূত্র পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 
পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বুদ্ধমূর্তি দান, বুদ্ধ পূজা, অষ্ট পরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবরদান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মদেশনা করেন লোহাগাড়া লক্ষণখীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উপ-সংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির, বিবিবিলা শান্তি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিত মহাস্থবির, কলাউজান মৈত্রী বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিপুলানন্দ স্থবির, অষ্টবিংশতি বুদ্ধ মন্দির রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্র টাইগার পাড়ার প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির এবং আম্রকানন গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয়শীল আর্যলোক স্থবিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এস মং।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবানের নোয়াপতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মারমা, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা ও শিক্ষক দেবমিত্র বড়ুয়া, সভাপতি শ্যামল বড়ুয়া, কার্যকরী সভাপতি সুমন বড়ুয়া, সহ সভাপতি প্রকৃতি বড়ুয়া ও সুলাল বড়ুয়া এবং বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির সভাপতি মনোরঞ্জন বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আয়োজকরা বাসস’কে জানান, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে তা দিয়ে নতুন চীবর প্রস্তুত করে ভিক্ষুসংঘকে দান করা হয়। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, এই দানকে কঠিন চীবর দান বা শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয়। কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জনের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ দানে অংশ নেন।

কঠিন চীবর দান উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চীবর তৈরি ও ভিক্ষুসংঘকে দানের কার্যক্রম চলে।