নিকাব পরে চুরির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
মালদ্বীপে নিকাব পরে চুরির অভিযোগে ৪১ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সোমবার (২ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম শাহুল ইয়াহায়া আব্দুল রাজাক।
পুলিশের ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে নিকাব পরা অবস্থায় একটি ব্যাগ বহন করতে দেখা যায়। এ সময় পুলিশ কর্মকর্তারা তার কাছে গেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ উপস্থাপনের পর তাকে আটক করা হয়।
মালদ্বীপের ফৌজদারি আদালত তাকে সাত দিনের রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য পলায়ন ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেন। ভারতীয় নাগরিক হওয়ায় তিনি বিচার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলেও আদালত আশঙ্কা প্রকাশ করেছেন।
আগামী সোমবার (৯ নভেম্বর) তার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে মালদ্বীপে চুরি-সংক্রান্ত অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত অক্টোবরেও এক নারীর ব্যাংক হিসাব থেকে অনুমতি ছাড়া অর্থ উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।