লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ফাইল ছবি

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিদুল ইসলাম শাওন (১৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

রবিবার দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তার মৃত্যুতে শোক জানিয়েছে জেলা ছাত্রদল। সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শাওন চৌপল্লী কালী দাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিম মাস্টার বাড়ির মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাওন মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মারা গেছে। তার মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ জানায়নি।