গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: সংগৃহীত
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা হয়েছে। রবিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকার কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানো, উদ্যোক্তা তৈরি ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কালব) চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, উপজেলা সমবায় কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ।