তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পাঁচ যানবাহনের সংঘর্ষ
সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রেনবো ক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায় এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালক সামান্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে গিয়ে দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় একটি প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, রেনবো ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বড় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এরপর একে একে অন্য যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচটি যানবাহনের মধ্যে রয়েছে একটি ট্রাক, একটি নোহা, একটি এক্সিও/করোলা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতিরঝিল থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।