মিশরে যাত্রীবাহী ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে যাত্রীবাহী ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৭

সংগৃহীত

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাত জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন। রবিবার কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফায়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনের অংশে আঘাত করলে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। নিহতদের মধ্যে একটি ট্রেনের চালক রয়েছেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

মিশরীয় রেড ক্রিসেন্ট দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা করছে।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে, তারা সহায়তা ও মানসিক সমর্থন প্রদানের লক্ষ্যে তাদের সদর দপ্তর এবং গিজা, ফায়ুম ও বেনি সুয়েফ শাখা থেকে বিভিন্ন দল পাঠিয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে, অবহেলার জন্য দায়ী কাউকে পাওয়া গেলে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।