চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১,১৫৪

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১,১৫৪

প্রতিকী ছবি

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১৮৫ জন ও সাজা পরোয়ানামূলে ৩৪ জন রয়েছেন। 

এছাড়া মাদক মামলায় ৭৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৬ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতারকৃত ৭৬ জন মাদক সেবনকারী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী ৫০ জন, যা ২৪ ঘন্টার রিপোর্টে অন্তর্ভুক্ত। 

অভিযানে মোট ১২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় ও ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৩৮ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ ও নয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে চাঁদপুরে সর্বোচ্চ ৫৫ জন, কুমিল্লায় ২৬ জন, চট্টগ্রামে ১৫ জন, নোয়াখালীতে নয় জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয় জন, লক্ষ্মীপুরে সাত জন, ফেনীতে দুই জন, রাঙ্গামাটিতে দুই জন, খাগড়াছড়িতে ছয় জন ও কক্সবাজারে একজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯৮ জনের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে কুমিল্লায় ২৬৪ জন, চট্টগ্রামে ১১১ জন, লক্ষ্মীপুরে ৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, নোয়াখালী ও চাঁদপুরে ২৭ জন করে, কক্সবাজারে ২৬ জন, ফেনীতে ১৩ জন, খাগড়াছড়িতে ১৩ জন, বান্দরবানে ১২ জন ও রাঙ্গামাটিতে ১১ জন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।