দীপাবলির রাতে ফ্ল্যাটে আগুন, যা বললেন ফারাহ খান

দীপাবলির রাতে ফ্ল্যাটে আগুন, যা বললেন ফারাহ খান

ফাইল ছবি

দীপাবলির রাতে বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে— রাতভর এমন খবরে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাইরাল কিছু ভিডিওতে দাবি করা হয়, মুম্বাইয়ের ওবেরয় স্কাই হাইটসে অবস্থিত ফারাহর ফ্ল্যাট দাউ দাউ করে জ্বলছে! তবে ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন ফারাহ খান নিজেই।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী জ্বলছে। খবরটি ফারাহ খানের নজরে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভুয়া খবরের ছড়ানোরর অভিযোগ সংবাদমাধ্যমের এক হাত নিয়েছেন তিনি। ফারাহ লেখেন, ‘অনলাইন পোর্টালগুলোর কাছে অনুরোধ, দয়া করে দায়িত্বশীল ভূমিকা পালন করুন! এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং! ভিউ বা ক্লিকবেইটই সব কিছু হতে পারে না।’

দীপাবলির রাতে মুম্বইয়ের একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে ওই ভবনের সঙ্গে ফারাহ কিংবা তাঁর আবাসনের দূরতম কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় ফারাহ বা তাঁর পরিবারের কোনো সদস্য ক্ষতির মুখে পড়েননি। ভিউ কামানোর আশায় কিছু অনলাইন পোর্টাল ঘটনাটি বিকৃত করে ছড়িয়েছে বলে ক্ষোভ জানান এই নির্মাতা।