বিমানের উড়োজাহাজ লিজ ও কার্গো খাতে বিনিয়োগে আগ্রহী হাইবারি গ্রুপ
ছবিঃ সংগৃহীত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য উড়োজাহাজ লিজ এবং বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন ও লিজিং এবং সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে দেশের কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বিমানের আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।