বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার
প্রতীকী ছবি
বিশ্বজুড়ে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এর পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে এক বিশাল অর্থনৈতিক বাজার, যা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ‘সিলভার ইকোনমি’ বা ‘রুপালি অর্থনীতি’ নামে। বিশেষ করে ইউরোপসহ উন্নত দেশগুলোয় প্রবীণ মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবার চাহিদা আকাশচুম্বী। আর এ সম্ভাবনাময় খাতে বাংলাদেশের দক্ষ তরুণদের কর্মসংস্থানের বিরাট সুযোগ রয়েছে।
স্বাস্থ্যসেবা, নার্সিং, ফিজিওথেরাপি, ব্যক্তিগত পরিচর্যা থেকে শুরু করে বিশেষায়িত পোশাক, আবাসন ও পর্যটন-বিভিন্ন খাতে সম্প্রসারিত হচ্ছে এ বাজার। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতায় গড়ে তুলতে পারলে এই অর্থনীতিতে প্রবেশের মাধ্যমে নতুন কর্মসংস্থান, রপ্তানি আয় ও রেমিট্যান্স অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে ২০০০ সালে ৬৫ বছর বা তার বেশি বয়সি মানুষের হার ছিল প্রায় ১৭ শতাংশ। বর্তমানে তা বেড়ে ২২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ইউরোপের প্রায় প্রতি পাঁচজন মানুষের একজন এখন বয়স্ক। এ জনগোষ্ঠীর চাহিদা পূরণে সেখানে পরিচর্যা, নার্সিং, স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
সিপিডির তথ্যানুযায়ী, ইউরোপের সিলভার ইকোনমির বাজার ২০১৫ সালে ৩.৭ ট্রিলিয়ন ইউরো (৩ লাখ ৭০ হাজার ইউরো) ছিল। ২০২৫ সালে তা ৫.৭ ট্রিলিয়ন ইউরোয় পৌঁছানোর প্রাক্কলন করা হয়েছে। এ বাজারের পরিচর্যা, নার্সিংসহ বিভিন্ন সেবামূলক খাতে প্রায় ১৪ শতাংশ কর্মী অভিবাসী শ্রমিক। ফলে বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, বয়স্কদের পরিচর্যা, নার্সিং, ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে। তবে এ বাজারে প্রবেশ করতে হলে প্রচলিত শ্রমিক প্রশিক্ষণের বাইরে বিশেষায়িত দক্ষতা অর্জন জরুরি। প্রয়োজন আন্তর্জাতিক মানের সনদ, পেশাগত প্রশিক্ষণ, ভাষাজ্ঞান এবং বয়স্কদের সঙ্গে যোগাযোগ ও সেবা দেওয়ার সক্ষমতা। এ খাতে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে প্রচলিত শ্রমবাজারের বাইরে উচ্চতর দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারও এ অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণের নতুন পথ খুলে দিতে পারে। দেশের বাইরে বসবাসরত বয়স্ক ব্যক্তিদের জন্য বাংলাদেশ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা, দূরবর্তী পরামর্শ, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও বিভিন্ন সহায়ক সেবা দেওয়া সম্ভব। অনুবাদ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যোগাযোগের বাধা কমাতে পারে। তবে সরাসরি নার্সিং, ফিজিওথেরাপি ও পরিচর্যার মতো সেবায় প্রশিক্ষিত কর্মীর প্রয়োজনীয়তা থেকেই যাবে। সিলভার ইকোনমিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পেরও বড় সম্ভাবনা রয়েছে। বয়স্কদের জন্য আরামদায়ক, সহজে পরিধানযোগ্য এবং বিশেষ স্বাস্থ্যগত প্রয়োজন উপযোগী পোশাকের চাহিদা বাড়ছে।
সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের বিদ্যমান পোশাক উৎপাদনসক্ষমতা কাজে লাগিয়ে এ ধরনের বিশেষায়িত পণ্য তৈরি ও রপ্তানি করা সম্ভব। এতে প্রচলিত পোশাকের বাজারের বাইরে নতুন নিশ মার্কেটে প্রবেশ এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি বয়স্কদের উপযোগী পর্যটন, আবাসন ও স্বাস্থ্যসেবার সমন্বিত প্যাকেজ নিয়েও ব্যবসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, তবে এ সুযোগ কাজে লাগানোর এখনই সময়। কারণ বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের সময়সীমা সীমিত। ২০৪৫ সালের দিকে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর আধিক্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর তা কমতে শুরু করবে। অন্যদিকে বাড়তে থাকবে বয়স্ক মানুষের সংখ্যা। এতে কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর নির্ভরশীলতার চাপ বাড়বে। প্রয়োজনীয় প্রস্তুতি না থাকলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পেনশনব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই বাংলাদেশের সামনে সিলভার ইকোনমি একদিকে যেমন ভবিষ্যতের বার্ধক্যজনিত চ্যালেঞ্জ, অন্যদিকে তেমন নতুন শ্রমবাজার ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ। জনমিতিক লভ্যাংশের সময়কে কাজে লাগিয়ে দক্ষ কর্মী তৈরি এবং বিশেষায়িত পণ্য ও সেবা রপ্তানির সক্ষমতা গড়ে তুলতে পারলে এই উদীয়মান বৈশ্বিক অর্থনীতি বাংলাদেশের জন্য নতুন আয়ের উৎস হয়ে উঠতে পারে।