রাবি ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারী
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন এবং ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
আগামী বছর ১২ ফেব্রুয়ারী থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পুনর্নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি ইচ্ছুকরা আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও ফল প্রকাশের পর ৭ দিন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
আগামী বছর 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ১২ ফেব্রুয়ারি (শুক্রবার), 'সি' ইউনিট (বিজ্ঞান) ১৩ ফেব্রুয়ারি (শনিবার) এবং 'এ' ইউনিট (মানবিক): ২০ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে।
আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে- প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।