নেত্রকোনায় শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

 

নেত্রকোনার মদনে আলোচিত শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

একই সঙ্গে আদালত ধর্ষণে জন্ম নেওয়া কন্যাশিশুর ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেন। সরকার পরবর্তীতে এই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো করে আদায় বা বাজেয়াপ্ত করবে।

এ ছাড়াও এই মামলার অপর আসামি দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইনুল ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আনা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকাকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়।

নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল বলেন, আমরা এই মামলাটি বিচারের জন্য পেয়েছি মাত্র দুই মাস আগে। ৬০-৬২ দিন আগে পাওয়া মামলাটির আজ রায় হয়েছে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং যাবতীয় সাক্ষ্য-প্রমাণে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম পেরেছে। যার ফলে আজকে এই আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।