নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের দল ঘোষণা

সংগৃহীত

চলতি মাসেই শুরু হচ্ছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ। কিউইদের বিপক্ষে টিনটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কদিন আগেই সাদা পোশাকে বাংলাদেশকে ধবলধোলাই করে সিরিজ জিতেছে ভারত। টাইগারদের বিপক্ষে সিরিজে যারা দলে ছিলেন তাদের সবাই আছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে। যার অর্থ, কিউইদের বিপক্ষে সিরিজ দিয়েও মাঠে ফেরা হচ্ছে না মোহাম্মদ শামির।

শামি ভারতের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। এরপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে তিনি। চোট থেকে পুরোপুরি না সেরে ওঠায় কিউইদের বিপক্ষে সিরিজেও খেলা হচ্ছে না তাঁর। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে যাওয়ার আগে এটিই ঘরের মাটিতে ভারতের শেষ টেস্ট সিরিজ।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন ইয়াশ দয়াল। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে আর রাখা হয়নি তাকে। এদিকে কিউইদের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে জস্প্রীত বুমরাকে দলের সহকারী অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে নাও খেলতে পারেন অধিনায়ক রহিত শর্মা। তখন দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বুমরা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতের হয়ে অভিষেক হয়েছে মায়াঙ্ক যাদবের। তিনি দলের সঙ্গে থাকবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। এছাড়াও আরও থাকবেন হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণ এবং নিতিশ কুমার রেড্ডি।

কিউইদের বিপক্ষে ভারতের সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর থেকে, ব্যাঙ্গালুরুতে, এরপর বাকি দুই ম্যাচ হবে পুনে এবং মুম্বাইয়ে।