নবদম্পতিদের মধ্যে যেসব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়

নবদম্পতিদের মধ্যে যেসব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়

ফাইল ছবি

বিয়ে পরবর্তী প্রথম বছরটি যে কেবল রোমান্স আর হানিমুনের ছবিতে ভরা থাকে না, তা আগে থেকে কেউ বলে দেয় না। এই সময়েই মানুষ আবিষ্কার করে যে, যাকে সে ভালোবাসে, সে হয়তো টুথপেস্টের টিউবটি মাঝখান থেকে চেপে ধরে, ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখে, কিংবা রাত ১টার সময় আড্ডা শুরু করাকে একদম স্বাভাবিক বিষয় বলে মনে করে! এতদিন যারা নিজেদের মতো করে জীবন কাটিয়েছেন, তারা যখন হঠাৎ একই বাড়িতে, একই ফ্রিজ আর একই রিমোট শেয়ার করতে শুরু করেন, তখন ছোটখাটো বিষয়গুলো জমে উঠতে থাকে। তবে এই ঝগড়াগুলোর মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো সমস্যা আছে। বরং নতুন জীবনে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় এগুলো খুবই স্বাভাবিক; পরবর্তী সময়ে দম্পতিরা এসব নিয়ে হাসাহাসিই করেন।

বাসনপত্র ধোয়া নিয়ে ঝগড়া

সবকিছু শুরু হয় সিঙ্কে একটি প্লেট ফেলে রাখার মাধ্যম। ভাবনাটা থাকে এমন, “আজকের রাতটুকুর জন্যই তো!” আর শেষ পর্যন্ত তা ন্যায্যতার প্রশ্নে বড় ধরনের বিতর্কে রূপ নেয়। বিয়ের শুরুর দিকে ঘরের কাজগুলো স্পষ্টভাবে ভাগ করা থাকে না; প্রত্যেকেই মনে মনে আশা করেন যে, কী করা প্রয়োজন তা অন্যজন নিজেই বুঝে নেবেন। একজন হয়তো মনে করেন রাতের খাবারের পরপরই বাসন ধুয়ে ফেলা উচিত, অন্যজনের মতে সেগুলো সকাল পর্যন্ত ফেলে রাখলেও ক্ষতি নেই। এখানে কেউই ভুল নন, কিন্তু দুজনেই মনে করেন যে তাদের কাজের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। যে দম্পতিরা চুপচাপ মনে মনে হিসাব না কষে বরং বসে আলোচনার মাধ্যমে কাজ ভাগ করে নেন, তাদের ক্ষেত্রে সিঙ্ক বা রান্নাঘরটি খুব দ্রুতই আর ঝগড়ার ক্ষেত্র হয়ে থাকে না।

রাতের খাবারে কী খাওয়া হবে

“কী খেতে চাও?” “যেকোনো কিছু।” “আচ্ছা, পাস্তা খেলে কেমন হয়?” “পাস্তা না।”- কথাগুলো পরিচিত মনে হচ্ছে? নবদম্পতিদের মধ্যে খাবার নিয়ে ছোটখাটো মতবিরোধ হওয়া খুবই সাধারণ বিষয়, কারণ প্রতিটি পরিবারের খাদ্যাভ্যাস ভিন্ন হয়। হয়তো একজন ঝালযুক্ত ঘরোয়া খাবার খেয়ে বড় হয়েছেন, আর অন্যজন হালকা খাবার পছন্দ করেন; অথবা একজন বাইরে থেকে খাবার অর্ডার করতে ভালোবাসেন, আর অন্যজন নিজে রান্না করতে চান। এর সাথে যদি যোগ হয়- কে রান্না করবে, কে বাজার করবে আর কে সাপ্তাহিক মেনু ঠিক করবে, তবে সাধারণ রাতের খাবার নিয়েও বড় ধরনের দরকষাকষি শুরু হয়ে যেতে পারে! তাই দুজনে মিলে খাবারের পরিকল্পনা করলে খুব নিখুঁত না হলেও দৈনন্দিন জীবনের অনেক চাপই কমে যায়।

ঘুমানোর সময় ও অভ্যাস

প্রতি রাতে অন্য কারো পাশে ঘুমানোর বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে মানিয়ে নেওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন হতে পারে। হয়তো একজন মানুষ একদম অন্ধকার ঘর আর খুব ঠান্ডা এসি পছন্দ করেন, অথচ অন্যজনের প্রয়োজন মৃদু আলো (নাইট ল্যাম্প) আর ফ্যান চালিয়ে রাখা। কেউ হয়তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েন, আবার কারও কাছে ফোনের সামান্য আলোটুকুও বিরক্তিকর মনে হয়। এর সঙ্গে যদি যোগ হয় নাক ডাকা, কম্বল টেনে নেওয়া বা ঘুম থেকে ওঠার ভিন্ন ভিন্ন সময় তবে শোবার সময়ের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে আশার কথা হলো, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। আলাদা কম্বল ব্যবহার করা, চোখের ওপর মাস্ক (আই মাস্ক) পরা কিংবা ফোন ব্যবহারের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নেওয়া- এসব পদক্ষেপ আপনার ঘুম ও মানসিক প্রশান্তি উভয়ই রক্ষা করতে পারে।

থার্মোস্ট্যাট ও ঘরের তাপমাত্রা

বিষয়টি আপাতদৃষ্টিতে ছোট মনে হতে পারে, কিন্তু গ্রীষ্মের তীব্র গরমেও যখন আপনাকে কম্বল মুড়ি দিয়ে শীতে কাঁপতে হয়, তখন এটি আর ছোট থাকে না। একেকজনের তাপমাত্রা অনুভবের ক্ষমতা একেক রকম; তাই একই শোবার ঘর বা বসার ঘর শেয়ার করার ক্ষেত্রে একজনের আরাম অন্যজনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এসি-র রিমোটটি তখন বাড়ির সবচেয়ে বিতর্কিত বস্তুতে পরিণত হয়, একজন হয়তো ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যজন গোপনে তাপমাত্রা বাড়িয়ে দেন। তাপমাত্রা এমন একটি পর্যায়ে নির্ধারণ করা, যা উভয়ের জন্যই সহনীয়, অথবা প্রয়োজনে হালকা পোশাকের ওপর বাড়তি কম্বল ব্যবহার করা- এই ছোটখাটো ‘শীতল যুদ্ধ’ থামানোর কার্যকর উপায় হতে পারে।

অগোছালো অভ্যাস ও জিনিসপত্রের জায়গা

বিছানার ওপর ভেজা তোয়ালে, চেয়ারের ওপর কাপড়, ঘরের মাঝখানে জুতো ফেলে রাখা, কিংবা আলমারি সাজানোর অদ্ভুত কোনো পদ্ধতি, ‘পরিচ্ছন্নতা’ নিয়ে একেকজনের ধারণা একেক রকম। একজনের কাছে যা স্বাভাবিক মনে হয়, অন্যজনের কাছে তা চরম বিরক্তির কারণ হতে পারে। প্রতিদিন একই অভ্যাস চলতে থাকলে ছোটখাটো বিষয়গুলোও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলেন, সঙ্গীকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা না করে বরং বাড়ির কিছু সাধারণ নিয়ম মেনে চলাই ভালো- যেমন জুতার জন্য নির্দিষ্ট জায়গা রাখা বা লন্ড্রি বাস্কেট ব্যবহার করা। আর বাকি ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে চলাই শ্রেয়।

স্ক্রিন টাইম, ফোন ও রিমোট কন্ট্রোল

নতুন বিবাহিত জীবনে সঙ্গীর শারীরিক উপস্থিতি সত্ত্বেও মানসিকভাবে ফোনের ভেতর ডুবে থাকার বিষয়টি অত্যন্ত বিরক্তিকর হতে পারে। খাবার টেবিলে ফোন ঘাঁটা, মেসেজের উত্তর দিতে দেরি করা কিংবা টিভিতে কী দেখা হবে- এসব নিয়ে দম্পতিদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। একজন হয়তো চান শান্ত একটি সন্ধ্যা একসঙ্গে কাটাতে, অন্যজন হয়তো ব্যস্ত থাকেন নিজের প্রিয় কোনো অনুষ্ঠান দেখতে। রিমোট কন্ট্রোল নিয়ে কাড়াকাড়ি শুনতে মজার মনে হতে পারে, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে সঙ্গীর মনোযোগ পাওয়ার বা নিজের কথা শোনার একটি সহজ আকাঙ্ক্ষা। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা ফোনমুক্ত সময় কাটালে দৈনন্দিন জীবনে আবারও উষ্ণতা ফিরে আসতে পারে।