ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

প্রতিকি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন।

ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।