২৭ নভেম্বর, ২০২৬
জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশে সরকারকে অনতিবিলম্বে পাঁচ দফা দাবি মানার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে পরবর্তী ৪টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জুলাই যোদ্ধাদের সন্তান ও অভিভাবক ফোরামের উদ্যোগে সমমনা ও জুলাই-সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গসংগঠনের সহযোগিতায় এই সমাবেশে কয়েক শতাধিক জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা উপস্থিতি ছিলেন।
১. বিচারের দাবিতে ১ ডিসেম্বর দিনব্যাপী স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে গণ এসএমএস, ভয়েস মেসেজ পাঠানো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেইজে ‘বিচার চাই’ সবাই লিখন।
২. বিচারের দাবিতে ১ ডিসেম্বর বেলা ১১টায় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।
৩. বিচারের দাবিতে ৭ ডিসেম্বর সোমবার বেলা ১১টা পুরাতন বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান।
৪. বিচারের দাবিতে ১৯ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় শাহবাগ জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও চূড়ান্ত আন্দোলনের ঘোষণা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গণহত্যাকারী হাসিনা এবং তার দোসরদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করা। জুলাই গণঅভ্যুত্থানে ও ফ্যাসিস্ট হাসিনার আমলে সব হত্যাকাণ্ড (জুলাই গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ১৭ বছরের গুম, খুন, ক্রসফায়ার) এবং ওসমান হাদী হত্যাকাণ্ড মামলার আসামিদের ফিরিয়ে এনে দ্রুত বিচারকার্য নিষ্পত্তি করা। পাঁচ আগস্ট আশ্রয় দেওয়া ৬২৬ জন অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। জুলাই শহীদদের পরিবার ও আহতদের দ্রুত পূণর্বাসনের দায়িত্ব নেওয়া। ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার সহযোগীদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি সম্পদে পরিণত করা এবং আইসিটির রায় মোতাবেক জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে ব্যয় করা।
সমাবেশে বক্তব্য রাখেন অল্টারনেটিভের সংগঠক ডা. তাসনিম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ডা. তাসনুভা জাবিন ও গণবিপ্লবী উদ্যোগের আহ্বায়ক আরিফ সোহেল, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।