০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সাফল্যের পথে বড় বাধা হলো অলসতা ও কর্মবিমুখতা। অনেক সময় প্রতিভা ও সুযোগ থাকা সত্ত্বেও কেবল উদ্যমের অভাবে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। ইসলামে অলসতাকে কঠোরভাবে অপছন্দ করা হয়েছে। এমনকি আল্লাহর রাসুল (স.) নিয়মিত অলসতা ও অক্ষমতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং সাহাবিদেরও তা শেখাতেন।
যারা কাজে মন বসাতে পারছেন না বা অলসতার কারণে পিছিয়ে পড়ছেন, তাঁদের জন্য রাসুলুল্লাহ (স.)-এর শেখানো একটি বিশেষ দোয়া নিচে দেওয়া হলো।
আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল হারামি; ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি।
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, ভীরুতা ও অতি বার্ধক্য থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাই কবরের আজাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।’
আনাস ইবনু মালিক (রা.) বলেছেন যে, নবী (স.) দোয়াটি প্রায়ই পড়তেন। (সহিহ বুখারি: ৬৩৬৭)
আমলের নিয়ম
সকাল-সন্ধ্যা বা প্রতিদিনের ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করা যেতে পারে। আলেমদের মতে, দোয়ার পাশাপাশি কাজের পরিকল্পনা ও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে আল্লাহ তাআলা কর্মজীবনে বরকত দান করেন।