কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৫ মে, ২০২৬

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম জেলার খুলশী থানার পূর্ব নাসিরাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো: ফারুক (২৫) ও কারখানা শ্রমিক কক্সবাজার জেলার চকরিয়া থানার ভরাইতলী গ্রামের শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩২)। 

শুক্রবার (১৫মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে ও উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিশোয়ান বিস্কুট কারখানার সামনে পৃথক দুর্ঘটনা ঘটে। 
তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো: রুহুল আমিন। তিনি বলেন, 'পৃথকস্থানে অজ্ঞাতনামা গাড়ি দুইজনকে ধাক্কা দিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাতিসা এলাকার সিএনজি ফিলিং এর সামনে ঢাকামুখী সড়কে মোটরসাইকেল আরোহী মো: ফারুককে অজ্ঞাতনামা একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপর দিকে প্রায় একই সময়ে উপজেলার উজিরপুর ইউনিয়নের লালবাগ এলাকায় কিশোয়ান বিস্কুট কারখানার সামনে রাস্তা পারাপারের সময় কারখানা শ্রমিক মিজানুর রহমানকে অজ্ঞাত নামা গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।