১৯ মে, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচয়ে পথ-কুকুর অপসারণ নিয়ে একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রচারণা ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে ডিএসসিসির কর্মীরা নাকি উদ্দেশ্যহীনভাবে কুকুর তুলে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে।
বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আজ এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
কর্পোরেশন জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ ও ‘পাবলিক নুইসেন্স’ থেকে নগরবাসীকে রক্ষা করা সিটি কর্পোরেশনের মৌলিক ও আইনি দায়িত্ব। কোনো এলাকায় পাগল বা আক্রমণাত্মক কুকুরের উপদ্রব দেখা দিলে, কিংবা কুকুরের কামড়ে মানুষ বিশেষ করে শিশু ও পথচারীরা আহত হওয়ার নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কর্পোরেশন তাৎক্ষণিক, নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণ করে থাকে।
বিবৃতিতে আরো বলা হয়, ডিএসসিসি কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করে না। বরং জনস্বার্থে অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্ধ্যাকরণ ও জলাতঙ্ক প্রতিরোধী টিকাদানের আওতায় আনা হয়, যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে। চিকিৎসা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাণিসম্পদ আইন মেনে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই কর্পোরেশনের মূল লক্ষ্য।
ডিএসসিসির বিবৃতিতে বলা হয়, তাদের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কর্পোরেশন জানায় গুজব বা অপপ্রচার ছড়ানো হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে ডিএসসিসি গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রকৃত তথ্য প্রচারে সহযোগিতা কামনা করেছে।