১৯ মে, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
ইটভাটার পরিচালক গোলজার মোল্লা জানান, তিনি কাঞ্চনের বিরাবো এলাকায় একটি ইটভাটার ব্যাবসা পরিচালনা করে আসছে। কিছুদিন ধরে খালপাড় এলাকার কাউসার, ফজলে রাব্বিসহ কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদার টাকা দিকে অস্বীকৃতি জানালে প্রায় ৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ব্যাবসা প্রতিষ্ঠান ইটভাটায় হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, তারা প্রতিষ্ঠানের অফিসে ব্যাপক ভাঙচুর করে। অফিসের আলমারি ভেঙে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় কর্মচারীদের মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত কাউসার ও ফজলে রাব্বির দাবি, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।