সিএমপি কমিশনারের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময়

২০ মে, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে মতবিনিময় সভা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটি।

মঙ্গলবার নগরীর লালদীঘি পাড় সিএমপি সদর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের সঙ্গে আবাসন খাতের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান রিয়েল এস্টেট আইন ২০১০-এর ধারা ৩৬(১) উল্লেখ করে বলেন, সদস্য, ভূমি মালিক ও ক্রেতাদের মধ্যকার যেকোনো বিরোধ প্রথমে আপোষে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। তাই থানায় কোনো অভিযোগ গ্রহণের আগে তা রিহ্যাবের ‘মেডিয়েশন অ্যান্ড কাস্টমার কেয়ার কমিটি’তে প্রেরণের অনুরোধ জানান তিনি। এছাড়া সমস্যা দ্রুত সমাধানে পুলিশ ও রিহ্যাবের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন।

এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর, কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিসি (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।