১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮ জুন, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত ১ হাজার ২৭৮ পরিবারের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা চত্বর ও তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর বটতলা এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব কার্ড বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এবং  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

কেরানীগঞ্জ উপজেলা চত্বরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ‎প্রধান অতিথি হিসেবে আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিশেষ করে নিম্ন আয়ের পরিবার, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, কোনো মানুষ যেন অভাব-অনটনের কারণে কষ্টে না থাকে, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি সুবিধাভোগীদের এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

তেঘরিয়া ইউনিয়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হয়, যখন তা সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়। 

তিনি বলেন, দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিকল্প নেই। সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সামাজিক বৈষম্য কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত পরিবারগুলো বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণের সুযোগ পাবে। এতে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।